

মো: আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের তিতাস নদীতে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠল জেলে হাবিব মিয়ার লাশ। জেলে হাবিব মিয়া সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মো.শামছু মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। শনিবার বিকালে বেপারী এন্টারপ্রাইজ নামে একটি বালুবাহী বাল্কহেড নৌকার পাখায় কারেন্ট জাল লেগে নৌকাটি বন্ধ হয়ে যায়। নৌকার লোকজন হাবিবকে ৮ হাজার টাকায় বিনিময়ে জালটি খুলে দিতে প্রস্তাব দেয় এবং হাবির রাজি হয়ে ১০ ফুট পানির নীচে নৌকার পাখা থেকে জালটি খুলতে পানিতে ডুব দিয়ে আর উঠেনি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। সরাইল ফায়ার সার্ভিসের সহায়তায় ভৈরবের ৪ ডুবুরি ৮-১০ ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় নিহত হাবিব মিয়ার লাশ পানির উপরে ভেসে উঠে। সরাইল থানার পুলিশ ফোর্স নিয়ে হাবিব মিয়ার লাশ উদ্ধার করেন।
সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠানো হয়েছে।
