

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে অয়ন দাশ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা এলাকায় এই ঘটনা ঘটে।
অয়ন মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূজা বাড়ির খোকন দাশের ছেলে। সে নিজামপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের জেঠাতো ভাই শাওন তপু বলেন, অয়ন সোমবার দুপুরে নির্মাণাধীন বসতঘরে পানি দেওয়ার জন্য পানির মোটরের লাইন মন্দিরে ভিতরে সকেটে লাগানোর সময় তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে দায়িত্বে থাকা জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আর্যরাজ দত্ত বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
