

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। গত চারদিনের ব্যবধানে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলতে পারেনি।
হিমালয় পাদদেশ ঘেষা পীরগঞ্জ উপজেলায় গত চারদিন ধরে সূর্য্যের দেখা মেলেনি, গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। তাপমাত্রা ০৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াসে উঠা নামা করছে। এতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে বাড়ছে দুর্ভোগ। দিনের বেলায় রাস্তায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সন্ধ্যা নামতে না নামতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এ অঞ্চল। ফলে শীতে জবুথবু হয়ে পড়েছে জীবনযাত্রা।
এই শীতে সব থেকে দুর্ভোগে পড়েছে বৃদ্ধ, শিশু, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।
সৈয়দপুর ইউপি সদস্য শাহাজান আলি জানায়, আজ বৃহস্পতিবার আমাদের এলাকায় এই শীতে হঠাৎ ৪ জন মারা গেছে। নিয়ামতপুর গ্রামের আমিনুল পানুয়া, শিবপুর গ্রামের জামিনি কান্ত, সুর্য্যপুর গ্রামের চাউল ডিলার সারোয়ারদী ও ঢ়হরা গ্রামের মোহাম্ম কুথা মারা গেছে।
পীরগঞ্জ হাসপাতাল জরুরী বিভাগ জানায়, রোগীদের বেশিরভাগই ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হৃদরোগ, অ্যাজমা নিয়ে আসছেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসন থেকে এই শীতে এ যাবৎ ২০০ কম্বল ও তিন লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে আরো শীতবস্ত্রের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে।
