

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৪দিন পর মাছের প্রজেক্ট থেকে হাত-পা বাধা অবস্থায় আতিক মজুমদার (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়।
নিহত ওই যুবক উপজেলার বজুরী খোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙ্গি নৌকা যোগে সেচ মেশিন সহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হয় সে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া না গেলে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করা হয়, যার নং- ৫৩৮। পরে ওই বিলে বৃহস্পতিবার মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পায় স্থানীয় লোকজন।
নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা জানান, সে কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কারা হত্যা করে সেচ মেশিনের সাথে পানিতে ডুবিয়ে রাখে। ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানান তারা।
কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, বুধবার কচুয়া থানা যুবক আতিকের নামে নিখোঁজের ডায়েরী করেন তার পরিবার। কিন্তু বৃহস্পতিবার ভাসমান অবস্থায় তার লাশ বিতারা ইউনিয়নের গোগড়া বিলের মাছের প্রজেক্টে পাওয়ায় যায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত অনুযায়ী রহস্য উদঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

