

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে হাতিয়া পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় পাবলিক লাইব্রেরিটি উদ্বোধন করেন ২৪'এর গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক আব্দুল হান্নান মাসুদ।
উপজেলা শহরের প্রাণ কেন্দ্র হাতিয়া দ্বীপ সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত হাতিয়া প্রেসক্লাব ভবনের নীচ তলায় হাতিয়া পাবলিক লাইব্রেরিটি উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসউদ বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। এক সময় এ হাতিয়ায় শিক্ষার গুণগত মান সহ শিক্ষার হার ছিল লক্ষণীয়। কিন্তু ইতোপূর্বে হাতিয়ায় পরীক্ষার হল সমূহে নকল সাপ্লাই সহ নানান অনিয়মের ফলে শিক্ষার হার ও মান অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। নকলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এক শিক্ষক'কে গত বছর পরীক্ষার হল থেকে অপমানিত হতে হয়েছে।
তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখনে সমাজের সকল মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে।
এ সময় হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিক সহ সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

