ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৬
logo
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৪

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার পাছপাড়া গোপালপুর শিহর আমতলী এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ছয় থেকে সাতটি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করেছে ডাকাত দল। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

তবে পুলিশের দাবি, ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পাংশা ও কুষ্টিয়ার খোকশা থানা–পুলিশ ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। যানবাহনের যাত্রীদের কিছু খোয়া যায়নি।

এর এক সপ্তাহ আগেও রাত ২টার দিকে পাংশার গান্ধিমারা হাইওয়ে থানার কাছাকাছি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার রাত আড়াইটার দিকে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। খবর পেয়ে পাংশা থানা ও খোকশা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে সব গাছ সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি।

এদিকে ডাকাতির কবলে পড়ে সড়কে আটকে ছিলেন কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনের যাত্রী একটি জাতীয় দৈনিক পত্রিকার কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন।

তিনি শনিবার রাত ২টার দিকে তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহ তাআলা সহায় ছিলেন। ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের ৫ থেকে ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন।

এসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও দামি মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে কে আর এম শাহিন খোকসা ও পাংশা থানা-পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।’

এ বিষয়ে রোববার মুঠোফোনে সাংবাদিক কে এম আর শাহিন বলেন, ঢাকা থেকে ফেরার পথে একই ফেরিতে তাঁরা নদী পাড়ি দিয়ে কুষ্টিয়া ফিরছিলাম। বহরে থাকা সব কটি গাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার সীমান্তবর্তী মাছপাড়ার আমতলী কবরস্থান এলাকায় পৌঁছালে সামনে থেকে সড়কে কয়েকটি গাছ ফেলে ডাকাতি শুরু করে ডাকাত দল। এ দৃশ্য দেখে তিনি পাংশা ও খোকশা থানায় খবর দেন। গাছ ফেলায় সড়কে বেশ কিছু গাড়ি আটকা পড়ে।

প্রায় ১০ মিনিটে ডাকাত দল ৪টি পণ্যবাহী ট্রাক, একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেটকার ও একটি বাসে ডাকাতি করে নগদ টাকা, মুঠোফোন নিয়ে যায়। চালকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, ডাকাতেরা ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকের চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৪০ হাজার টাকা, কুষ্টিয়াগামী কাভার্ড ভ্যান চালকের ৭০০ টাকা ও প্রাইভেটকারের যাত্রীদের থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নেন। অন্যান্য যানবাহন থেকে কী পরিমাণ লুট হয়েছে, তা জানতে পারেননি।

একটি দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার আবু জাফরসহ স্থানীয় কয়েকজন বলেন, পাংশার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর শিহর আমতলা কবরস্থানের সামনে ডাকাতি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram