ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৪

কক্সবাজারে অবৈধ পলিথিন কারখানার সন্ধান, জরিমানা আদায়

জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার শহরের টেকপাড়ার মাঝেরঘাট এলাকায় অবৈধ পলিথিন কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। এসময় কারখানার মালিক ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পলিথিন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযান সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ছাত্রলীগ নেতা কামরুল হাসানের অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা কামরুল হাসানসহ ৩ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম এসে ২ লক্ষ জরিমানা করেন। জরিমানা দিয়ে ছাড় পান আটক ৩ জন। এসময় ওই কারখানা থেকে অর্ধকোটি টাকার অবৈধ পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, অভিযানের খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অবৈধ পলিথিন কারখানার মালিক কামরুল হাসানকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে জেল দেওয়া হয়। পরে জরিমানা দিয়ে কারখানাটির মালিক ভবিষ্যতে অবৈধ পলিথিন বিক্রি করবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড় পান।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৫ এর কোম্পানী কমান্ডার মেজর সাইফুল ইসলাম সাইফ। তিনি বলেন, এই কারখানা থেকে জেলাজুড়ে পলিথিন বিস্তার হতো। পলিথিনের অবৈধ বাজারজাত বন্ধ করতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৩ ট্রাকের বেশি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, অবৈধ পলিথিন জব্দের খবরে পরিবেশ অধিদপ্তরের টিম যায়। এসময় বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযোগ উঠে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাওয়ার পর জব্দ করা প্রায় অর্ধেক পলিথিন কারখানা থেকে বের করা হয়নি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের দালাল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমের যোগসাজশে কারখানার লাইট বন্ধ করে দিয়ে পলিথিনগুলো নিরাপদে সরিয়ে ওই ছাত্রলীগ নেতাকে বিপুল লোকসান থেকে কৌশলে রক্ষা করা হয়। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। র‍্যাবের অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে এমন কারসাজি করেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের দালাল খ্যাত স্বেচ্ছাসেবক লীগ নেতা আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম হোতা। গত ১৮ আগস্ট গুণগাছ তলা এলাকায় শিক্ষার্থীদের উপর হামলাতেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। এছাড়া জেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময়ও তাঁকে দেখা যায় বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram