ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৮
logo
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৪

লক্ষ্মীপুর জেলার ৯০ ভাগ এলাকা এখন পানির নিচে, পৌঁছেনি অনেকের কাছে ত্রাণ

মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার ৯০ ভাগ এলাকাই এখন পানির নিচে। প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী। দুর্গত এলাকার বেশির ভাগ মানুষ হতদরিদ্র।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান, এ পর্যন্ত ৭৮০ মেট্রিক টন চাল দুর্গত এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া নগদ ৩০ লাখ টাকাও দেওয়া হয়েছে বানভাসি মানুষের জন্য।

খোঁজ নিয়ে জানা গেছে, দিঘলী, চরশাহী, বাঙ্গাখাঁ ও মান্দারী ইউনিয়নের দুর্গম এলাকায় পানির কারণে যাতায়াত করা যাচ্ছে না। অতিরিক্ত পানির কারণে গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার পানিবন্দী মানুষদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। এসব এলাকায় ত্রাণ বিতরণে নৌকার কোনো বিকল্প নেই। মান্দারী-দিঘলী সড়ক পানিতে ডুবে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।

ফাতেমা খাতুন লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের চতইল্লা গ্রামের বাসিন্দা। চোখের জল মুছতে মুছতে তিনি জানান, তিন মেয়েকে নিয়ে তাঁর পরিবার পানিবন্দী। এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি। ত্রাণের আশায় তিনি বাজার এলাকায় এসেছেন। তাঁর মতো হাজারো বাসিন্দা পানিবন্দী হয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এই জীবনে বয়স্ক ভাতা পাননি, এমনকি বিধবা ভাতাও দেওয়া হয়নি বলে জানান ফাতেমা। ৬০ বছর বয়সে কখনো মান্দারী এলাকায় বন্যার পানি দেখিনি। অভাব–অনটনের কারণে আমাকে আর কত কাঁদতে হবে? এত কষ্টের জীবন আমি চাই না, আক্ষেপ করে এ কথা বলেন ফাতেমা।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, নোয়াখালীর পানি লক্ষ্মীপুরে অনবরত ঢুকছে। যে পরিমাণ পানির চাপ, সে হিসেবে রেগুলেটর দিয়ে বের হতে পারছে না। এছাড়া রায়পুর ও রামগঞ্জে পানি কিছুটা কমেছে। রামগতি ও কমলনগরে বেড়িবাঁধের বাইরে ভুলুয়া নদী এলাকায় অনেক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। নোয়াখালীর পানি এসে ভুলুয়া নদীতে যুক্ত হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram