ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

একনেকে উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদন পেলে আকারের দিক থেকে এটিই হবে বর্তমান সরকারের এখন পর্যন্ত সবচেয়ে বড় একনেক সভা।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভা হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭২ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন ১২টি ও সংশোধিত চারটি। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ঢাকার মেট্রো রেল-৫-এর সাউদার্ন রুট। প্রকল্পটির ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’ প্রকল্পে ব্যয় হবে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

রেল খাতের দুটি প্রকল্পের মধ্যে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণের প্রথম সংশোধিত প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা। মূল প্রকল্পের ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা।

স্বাস্থ্য খাতের ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা। আর স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা।

সড়ক খাতের দুটি প্রকল্পে ব্যয় হবে যথাক্রমে ৯৪৩ কোটি ৮৭ লাখ ও ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হবে।

এ ছাড়া ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এ ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে ৭৫১ কোটি ৭৭ লাখ ও ৬০৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। খুলনা পয়ঃনিষ্কাশন, মনপুরার বিদ্যুৎ বিতরণ ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার তিনটি সংশোধিত প্রকল্পও রয়েছে তালিকায়।

তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়নে নেওয়া নতুন প্রকল্পে ব্যয় হবে ৮৯ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্পের বিষয়ে সভায় অবহিত করা হবে।

এর আগে গত ১৩ মে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram