ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

খুলেছে সচিবালয়, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ চলছে অন্যত্র

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ওই ভবনে থাকা ৫ মন্ত্রণালয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় সেখানকার নথিপত্র ও আসবাবপত্র। এমনকি বিভিন্ন কক্ষও হয়ে পড়ে ব্যবহার অনুপযোগী। এমন অবস্থায় বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। তবে আজ থেকে কার্যক্রম পুরোদমে চলবে বলে আশা করা যাচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, সকালে সচিবালয় খুললেও ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারও ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।

জানা গেছে, সচিবালয় খুললেও ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে অন্যত্র। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন আগারগাঁওয়ের ডাক ভবনে।

এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।

জানা গেছে, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নয়ন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram