

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় আবদুল জলিল মণ্ডলের জামিন প্রার্থনা করে আদালতে শুনানি করেন তাঁর আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।
শুনানি চলাকালে আইনজীবী উল্লেখ করেন যে, তাঁর মক্কেল এই আলোচিত মামলার রাজসাক্ষী হতে আগ্রহী।
ট্রাইব্যুনাল বিস্তারিত পর্যালোচনার পর সাবেক এই ডিআইজির জামিন আবেদনটি মঞ্জুর না করে তা নাকচ করে দেন। বর্তমানে তিনি এই মামলার আসামি হিসেবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের সময় জলিল মন্ডল ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর ৩১ মার্চ শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের ওই ঘটনায় গত বছরের ৫ মে আব্দুল জলিল মন্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। জলিল মণ্ডল এই মামলার দুই নম্বর আসামি।

