ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

‘বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আওয়ামী লীগকে উৎসাহিত করবে’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে, এর কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর নিজের ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, গত দুইদিন ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে ফেসবুক ছেয়ে গিয়েছিল। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে ঘটনা কী জানার জন্য আমার কাছে দুই-একজন ফোন করেছেন।

তিনি আরও বলেন, আমি জানি এবং বিশ্বাস করি বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা যোগ দিচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে। এটি প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে।

বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচনকেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন (এর ধরণ ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে)। তাই বিরোধের কোনো কারণ নেই। সবাইকে বুঝতে হবে ঐক্য ছাড়া বিকল্প নেই।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি লেখেন, গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে লুটের লাখ লাখ কোটি টাকা রয়েছে। তাদের পেছনে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র, সুবিধাবাদী গোষ্ঠী ও শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক রয়েছে। এদেরকে রুখতে হলে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগকে মনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু তা যেন বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে না যায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram