

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার নিত্যনন্দনপুর ইউনিয়নের সেখড়া গ্রাম থেকে জনতা ৩ জনকে অস্ত্রসহ আটক করে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শেকরা গ্রামের জিয়া মন্ডলের সাথে প্রতিবেশী সাইফুল ইসলাম পাভেলের দুই পরিবারের মাঝে পারিবারিক শত্রুতা ছিল। সম্প্রতি শেকরা বাজারে মোটরসাইকেল এক্সিডেন্টকে কেন্দ্র করে জিয়া মন্ডলের সাথে পাভেলের বাগবিতন্ড হয়। তার জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে সাইফুল ইসলাম পাভেল ৮ /১০ জন লোক নিয়ে মোঃ জিয়া মন্ডলের বাড়িতে সালিশ মিমাংশার জন্য যায়। পরে ডাকাত সন্দেহে করে এলাকাবাসী ৩ জনকে আটক করে। এরমধ্যে সাইফুল ইসলাম পাভেল নামের এক ব্যক্তিকে এলাকাবাসী গণধোলাই দিয়ে গুরুতর আহত করে।
এসময় উৎসুক জনতা মোঃ জিয়া মন্ডলের বাড়ির পাশে রাস্তার ওপর দুটি পিস্তল এবং দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে শৈলকুপা আর্মি ক্যাম্পকে অবগত করলে শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখান থেকে দুইটি অস্ত্র, ৮ রাউন্ড অ্যামোনিশন ম্যাগাজিন, দুইটি মোটরসাইকেল এবং দক্ষিণ মনোহর পুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, আজগারের ছেলে আলী রাজ শেখ, কিয়াম উদ্দিন মোল্লার ছেলে সুবাদ আলীসহ তিনজকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিদের অস্ত্রসহ শৈলকুপা থানায় হস্তান্তর করে।
এদিকে সাইফুল ইসলাম পাভেল গুরুতর আহত হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
প্রত্যক্ষদর্শী জাফর নামের এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে জিয়া মন্ডলের সাথে এদের বিরোধ চলে আসছিল তার কারণেই হয়তো এই ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকায় বাকি দুজনকে অস্ত্র আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হবে।
