

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পঁচা ও নিম্নমানের গম সংরক্ষণের অভিযোগে তারা গুদাম পরিদর্শনে আসেন। এসময় গণমাধ্যমকর্মীদের সেখানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।
অভিযোগ ওঠে খুলনা থেকে প্রায় ৬৬ মেট্রিক টন পঁচা ও নিম্নমাণের গম এনে ঝিনাইদহ সদর খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে। ১৬ জুলাই খুলনা সিএসডির চলতি দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক পূর্নিমা মন্ডল স্বাক্ষরিত চারটি ইনভয়েসের মাধ্যমে এসব পঁচা গম ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামে পাঠায়। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ সদর সরকারি খাদ্য গুদামের গেটে ওই ৪ ট্রাকে ৬৬ টন পঁচা গম নিয়ে প্রবেশ করে। প্রতিটি ভি-ইনভয়েসে পণ্যের নাম লাল গম লেখা ছিল এবং গুনগত মান ডিএসডি-থ্রি উল্লেখ ছিল। গমের ইনভয়েস দেখে উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন মান বুঝে নিতে গিয়ে দেখেন তা অত্যন্ত নিম্নমানের। তখন ট্রাকগুলা আনলোড না করে ফেরত পাঠানোর চেষ্টা করেন। পরের দিন শুক্রবার বিকাল পর্যন্ত ট্রাকসহ আটকিয়ে রাখেন।
এদিকে, ঠিকাদারের মাধ্যমে খবর পেয়ে খুলনার বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যলয় থেকে একটি পরিদর্শক টিম এসে নিম্নমানের ওই পচাঁ গম ঝিনাইদহ খাদ্য গুদামে রাখার জন্য চাপ প্রয়োগ করেন। তাদের চাপে গম আনলোড করা হয়।
খাদ্য গুদামের লেবারের কাজ করা একজন নাম গোপন করার শর্তে জানান, নিম্নমানের গম আসার পর সাংবাদিকরা আসতে থাকে। এসময় বিভিন্ন কর্মকর্তারাও গুদামে আসে এবং ঘটনা জানাজানি হতে থাকে। এরই মধ্যে সোমবার রাতে গুদাম থেকে দুই ট্রাক মাল অন্যত্র পাঠানো হয়েছে। তবে সেটা চাল না গম ছিল তা বলতে পারবো না।
মঙ্গলবার দুপুরে এই পঁচা গমের সন্ধানে গুদাম পরিদর্শনে আসেন দুদকের ঝিনাইদহ জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন দুদকের ঝিনাইদহ জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে সদর উপজেলা খাদ্য পরিদর্শক ও গুদাম সংরক্ষক জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও গুদাম পরীক্ষা করেন। এসময় গণমাধ্যমকর্মীদের সেখানে থাকতে দেওয়া হয়নি। দুদকের একটি দল খাদ্য গুদামে যাওয়ার সংবাদে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। এসময় তারা সাংবাদিকদের সেখানে না থাকার জন্য অনুরোধ করে বলেন, পরিদর্শন শেষে আপনাদের জানানো হবে।
এসময় দুদক কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ বলেন, নিম্নমানের গম আনার সংবাদ পেয়ে আমরা এসেছি। আমরা তথ্য সংগ্রহ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব।
