ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2025

গোপালগঞ্জে ১৬ জুলাই'র সংঘর্ষের ঘটনা নিয়ে দুই উপদেষ্টার প্রেসব্রিফিং

এস এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ: গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রেসব্রিফিং করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কারাগারের জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেসব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেন, গোপালগঞ্জে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘঠন করা হবে। একজন বিচারপতিকে প্রধান করে কমিটি গঠন করা হবে। সেখানে শুধু সরকারি কর্মকর্তারাই থাকবেন না, সুশীল সমাজের প্রতিনিধিও রাখা হবে। তারা এখানে এসে সকলের মতামত গ্রহণ করবেন। গোপালগঞ্জে কেন এই ঘটনা ঘটল? কি করলে এই ঘটনা ঘটতো না এবং কি করলে এধরনের ঘটনা আর ঘটবে না, তা তারা তাদের তদন্তে তুলে ধরবেন।

তিনি বলেন, ১৬ জুলাই ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দলের সভাকে কেন্দ্র করে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বেশ কিছু প্রাণহানি ঘটেছে, এটি কারো কাম্য নয়, মানুষের জীবনের চেয়ে বড় আর কিছু নেই। এই ঘটনা কোথায় ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটেছে তা দেখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পাঠিয়েছেন, তিনি গোপালগঞ্জকে কেয়ার করেন। আমরা গোপালগঞ্জের ঘটনাস্থল, বর্তমান পরিবেশ, পরিস্থিতি দেখতে এসেছি।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আরো বলেন, যারা পুলিশের গাড়ীতে আগুন দিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে তারাতো আইনের আওতায় আসবে, তবে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য প্রশানকে আমরা নির্দেশ দিয়েছি। এখানে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ছিলনা। এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হয়েছে, সাংবাদিকরা আহত হয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা না খেয়ে অনেক কষ্ট করে অনেক সময় ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। এজন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেন, আমরা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, দল নিরপেক্ষ সরকার, শহীদের রক্তে গড়া সরকার, আহতদের সরকার। আমরা এমন একটা পরিবেশ করতে চাই, যেখানে সকলে তাদের মত প্রকাশ করতে পারবে, একটা সহনশীল পরিবেশ সৃষ্টি করতে চাই। এখানে যাতে সাধারণ মানুষ হয়রানি না হয়, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকে, সবকিছু সহনশীল থাকে সেজন্য আমরা এখানে এসেছি।

তিনি আরো বলেন, আমরা দেশে সুন্দর একটি নির্বাচন দিতে চাই, যেখানে সুন্দর একটা উৎসবমুখর পরিবেশ থাকবে। সকলে তাদের মত প্রকাশ করতে পারবে, নির্বাচনে যারাই আসবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সহায়তা করবে। এই নির্বাচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেটাই আমাদের বড় চ্যালেঞ্জ, এই নির্বাচন আমাদের একটা অগ্নিপরীক্ষা। আমরা সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা সকলের সহায়তায় শান্তিপূর্ণ নির্বাচন করবো। এরপর যারাই নির্বাচিত হন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো, এটাই আমাদের প্রত্যাশা বলে জানান এই উপদেষ্টা।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা জেলা কারাগারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। এরপর দুই উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিনিময় করেন।

এদিকে, গোপালগঞ্জে ঘটে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। জীবনযাত্রাও স্বাবাবিক হতে শুরু হওয়ায় রাস্তায় জনসমাগম বাড়তে শুরু করেছে। কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেয়ার পর জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরছে। তবে গ্রেফতার আতংকে যুবক শ্রেণির লোকই শুধু নয় বয়স্ক লোকজনও এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হত্যা মামলাসহ মোট ৮টি মামলা হয়েছে। এতে ৮ হাজার ৪শ’ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেফতার করা হয়েছে ৩১০ জনকে। এদের মধ্যে দুই শতাধিক আসামিকে বাইরের জেলার কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram