

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া বিলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে পিতা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, জেলার লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ (৬০) ও তার ছেলে নাহিদ শেখ (৩০)। এ ঘটনায় প্রতিপক্ষের আব্দুল কাদের নামে একজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার বাহিরপাড়া বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে কবির শেখ নামে এক আসামিকে গ্রেফতার করেছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখ ওরফে মান্দারদের সাথে জাহাঙ্গীর শেখ’র পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে, কিন্তু কোন সমাধান হয়নি। মামলার রায় জাহাঙ্গীরদের পক্ষে যাওয়ার পর প্রতিপক্ষ আপিল করেন।
বুধবার সকালে ছেলে নাহিদকে সাথে নিয়ে বিরোধপূর্ণ জমি চাষ করতে যান জাহাঙ্গীর। সেখানে কাউসার ও তার লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। আহত হন ছেলে নাহিদ। এ ঘটনা ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত নাহিদকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেয়ার হলে পথে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। অপরপক্ষের আহত আব্দুল কাদেরকে খুলনায় পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
