ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

মানিকছড়িতে অপহৃত ছাত্র ফেরতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের শিকার মাদরাসা ছাত্র মো.সোহেলকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী, তবে সোহেলের সন্ধান না মেলায় উৎকণ্ঠা বাড়ছে পরিবার ও এলাকাবাসীর মাঝে।

বুধবার (১৬ জুলাই) সকালে অপহৃত সোহেলের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ঘোরখানায় মাদরাসা মাঠে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার মাওলানা লোকমান হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আবদুর রশিদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন অপহৃত সোহেলের নানা ও মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল জব্বার, সহকারী মৌলভী মো. আলাউদ্দিন, শিক্ষক আবু বকর ছিদ্দিক এবং শিক্ষার্থী মো. শফিউল বশর।

বক্তারা অভিযোগ করেন, “চিহ্নিত অপরাধীরা পরিকল্পিতভাবে সোহেলকে অপহরণ করে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। এখন পর্যন্ত প্রশাসন তার কোনো সন্ধান দিতে পারেনি।”

উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে মানিকছড়ির ছদুরখীল এলাকা থেকে নিখোঁজ হন সোহেল (১৪)। পরদিনই অজ্ঞাত ব্যক্তিরা তার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় গত ১১ জুলাই সোহেলের নানা আবদুর রহিম প্রকাশ গফুর আনসার মানিকছড়ি থানায় অপহরণ মামলা দায়ের করলে, প্রযুক্তির সহায়তায় তিনজনকে আটক করে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮)। জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও সোহেলের অবস্থান জানাতে পারেনি। ১২ জুলাই তাদের আদালতে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত সোহেলের সন্ধান ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram