ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

স্পেনে দাবদাহে দুই মাসে মৃত্যু ১১৮০ জনের, ঝুঁকিতে বৃদ্ধরা ও নারীরা

উচ্চ তাপমাত্রার কারণে গত দুই মাসে স্পেনে ১১৮০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বড় একটি অংশের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে এবং অর্ধেকের বেশি নারী। এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। খবর: রয়টার্স

পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও গত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবদাহ অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে স্পেনের গ্যালিসিয়া, লা রিওহা, আস্তুরিয়াস ও ক্যান্তাব্রিয়া অঞ্চলে—যেগুলো দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত। সাধারণত এই অঞ্চলগুলোতে গ্রীষ্মে অপেক্ষাকৃত শীতল আবহাওয়া বিরাজ করে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেখানে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

স্পেনের রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউটের বরাত দিয়ে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু ঘটেছে। অথচ গত বছর এই একই সময়ে তাপজনিত কারণে মৃত্যু হয়েছিল মাত্র ১১৪ জনের।

পরিবেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তথ্যগুলো এক ধরনের ব্যতিক্রমী তীব্রতার চিত্র তুলে ধরছে। এতে বোঝা যাচ্ছে, গড় তাপমাত্রা বিপজ্জনক হারে বেড়েছে এবং এর ফলে মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’’

এই সময়টিতে স্পেনে ৭৬টি রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। অথচ এক বছর আগে এই সময়ে একটি রেড অ্যালার্টও জারি করতে হয়নি।

কার্লোস থ্রি ইনস্টিটিউট আরও জানিয়েছে, গত গ্রীষ্মে (২০২৪ সালে) স্পেনে তাপজনিত কারণে মোট ২১৯১ জনের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে এক গবেষণায় জানানো হয়, ২ জুলাই পর্যন্ত ১০ দিনে ইউরোপের ১২টি শহরে প্রায় ২৩০০ জন মানুষ দাবদাহজনিত কারণে মারা গেছেন।

এই পরিস্থিতি জলবায়ু সংকট ও বৈশ্বিক উষ্ণায়নের বাস্তব ও ভয়াবহ প্রভাবের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন পরিবেশ বিশ্লেষকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram