

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় পারুল আক্তার (৩২) নামের এক গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের শাপলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ওই এলাকার মো.মজিবর রহমানের স্ত্রী। ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.সুজন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা যায়, আমেনা বেগম ও পারুল আক্তার টিনের বেড়ার গোসলখানায় গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন। পারুল আক্তারকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের পুত্রবধূ নাজমা আক্তার বলেন, টিনের বেড়ার ওপর বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়।
