

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে চিহ্নিত একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা মুক্তিপণ দাবি করে অমানবিক নির্যাতন করেছে পাবেল নামের এক যুবককে। ছেলের এমন অমানবিক নির্যাতনের খবর সহ্য করতে না পেরে শোকে স্ট্রোক করে বাবা। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) উপজেলার চক্রতলা গ্রামে। নির্যাতিত যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনার একদিন পর আজ সোমবার (১৪ জুলাই) এ খবর জানাজানি হয়। ভুক্তভোগী পাবেল উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, এর আগে এই সংঘবদ্ধ চক্রটির প্রধান ও তার সহযোগীরা পাবেলকে অপহরণ করে পরিবারের থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষে এই টাকাও দেওয়া সম্ভব হয়। এর আগে পাবেলকে অপহরণকারীরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। আর ছেলের এই নির্যাতনে খবর পেয়ে তার বাবা সরুজ মিয়া স্ট্রোক করে। পরে স্থানীয়রা ও স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দাউদকান্দি মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,"পুলিশ এই ঘটনা জানার পর নির্যাতনকারীদের ধরতে অভিযানে গেছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।"
