

তিতাস (কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় আনুমানিক ৩০ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার সকাল ৯টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এসময় অজ্ঞাত লাশের খবর শুনে আশপাশের শত শত উৎসুক নারী-পুরুষ ঘটনা স্থলে এসে জরো হয়েছে। তাদের সাথে কথা বলে নিহতের পরিচয় জানতে চাইলে তারা কেউ তাকে চিনেনা বলে জানায় এবং অন্য কোথাও থেকে এনে এখানে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন।
এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেখি আনুমানিক ৩০ বছর হবে যুবকের গলাকাটা লাশ গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশে জিয়ারকান্দি ইউনিয়ন এলাকায় ঝোপের মধ্যে পড়ে আছে। এলাকার কেউ তাকে চিনেনা। আমরা প্রাথমিক ভাবে নিহত যুবককে অজ্ঞাত হিসেবে ধারণা করছি। তবে আমরা সকল থানায় মেসেজ পাঠিয়েছি পরিচয় পাওয়া গেলে বিস্তারিত জানতে পারবো, এখন আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।

