

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাটোর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে ২৮ টি ফোন, ৩০টি সিমকার্ড, দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য জব্দ করা হয়। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ‘ইমো’ অ্যাপ ব্যবহার করে দেশি ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে তা গোপনে ধারণ করে, এবং এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল বা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। আটককৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
