

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় একটি মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর (৩৫) খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার পুত্র।
হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম গণমাধ্যমের কাছে দাবি করেন, নিহত যুবক তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে সেও লাঠির আঘাত করে৷এতে আকবর নামের ওই যুবক নিহত হয়। তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবরকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য জানান, যুবকের মরদেহ উদ্ধার হওয়ার স্থান আল্লাহওয়ালা হ্যাচারিতে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের উপরও হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
সদর থানার ওসি ইলিয়াস খান এ ঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন। ওসি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
