

অতুল পাল, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: “আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমাকে বাধ্য করা হয়েছে।ওই ছেলের জন্য আর ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ সাতি চলে”’---------।
আত্মহত্যার আগে এমন চিরকুট লিখে গেল পটুয়াখালীর বাউফলের ১৪ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থী কুমকুম আক্তার । চিরকুটে লেখা শেষ না করেই আত্মহত্যা করে ওই কিশোরী। গতকাল শুক্রবার বিকেলে বাউফলের কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে ওই ঘটনা ঘটেছে। রাত ১২টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায় পুলিশ।
ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, ওই ছাত্রী পূর্বকালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রিয়াদুল ইসলাম তাওসিন (১৭)। পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাওসিনের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের জানলেও কোন ব্যবস্থা না নেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠে তাওসিন। তাওসিন ওই ছাত্রীর আরেক সহপাঠির সাথে তোলা ছবি সংগ্রহ করে বাজে মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে
সহপাঠীদের নানা মন্তব্য করায় কুমকুম বিব্রত হয়ে পড়ে। এরপর নিজের শোয়ার ঘরে পড়ার টেবিলে রাখা খাতায় চিরকুট লিখে ঘরের চালার আড়ার সাথে ওড়না প্যাঁচিয়ে কুমকুম আত্মহত্যা করে।
নিহত ছাত্রীর মা কুলসুম বলেন, আমার মেয়ে অত্যন্ত ভদ্র ও লাজুক। তাকে বিভিন্ন সময় বখাটে তাওসিন কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি বিদ্যালয় প্রধান শিক্ষক ও ওই বখাটের চাচাকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার আমার মেয়ের সাথে তার এক সহপাঠির তোলা স্বাভাবিক ছবিতে বাজে মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় ওই বখাটে। এতে লোকলজ্জার ভয়ে আমার মেয়ে আত্মহত্যা করে।
ছাত্রীর বাবা নজরুল ইসলাম খান বলেন, আত্মহত্যার আগে আমার মেয়ে চিরকুটে লিখে গেছে। চিরকুটে আত্মহত্যার জন্য ওই ছেলেকে দায়ী করে গেছে। আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তাওসিন। আমরা ওই বখাটের ফাঁসি চাই।
কুমকুমের চাচা নূরুল আমিন খান কবীর বলেন, তাওসিন একটা বখাটে ছেলে। আমাদের পরিবারের সাথে ওদের কোন ভাবেই মেলামেসা চলে না। ওই ছেলে আমার ভাতিজিকে উত্ত্যক্ত করে মেরে ফেলেছে। আমরা ওর ফাঁসি চাই।
কুমকুমের চাচাতো বোন ও সহপাঠী নুহাস বলেন, সহপাঠীদের থেকে এমন ঘটনা জেনে কুলসুম লজ্জায় ভেঙ্গে পড়ে এবং আত্মহত্যা করে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন , দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসলেও আমাকে জানানো হয় ঘটনার একদিন আগে। জানার পরে আমি তাওসিন ও তার পরিবারের লোকজনকে ডেকে এনে সাবধান করে দিয়েছিলাম।
ঘটনার পর অভিযুক্ত তাওসিন ও তার পরিবারের কারো মন্তব্য পাওয়া যায়নি। তারা আত্মগোপনে চলে গেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্রথমে বিষয়টি পুলিশকে জানানো হয়নি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
