ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৫

শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও বিচার শেষ হবে না: বরকত উল্লাহ বুলু

শাহাজাদা এমরান, কুমিল্লা: শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি ৩১ বারও ফাঁসি দেয়া হয় তাও তার বিচার শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সাথে বেইমানী করেছে। তার মেয়ে শেখ হাসিনাও একই ভাবে বাঙ্গালী জাতির সাথে দেশের সাথে বেইমানী করেছে। এদেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এদেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করেছে। এদেশের ২৭ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে। তার বিচার এই বাংলার মাটিতে হবে।

তিনি মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অবদানের কথা উল্লেখ করে বলেন, শেখ মুজিব পাকিস্তানীদের কাছে জমাই আদরে আত্মসমর্পণ করে আত্মগোপন করেছিলেন। তখন এই বাঙ্গালী জাতিকে দিক নির্দেশনা দেয়ার মতো কেউ ছিল না। ২৬ মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সকল সেনাবাহিনীর সদস্যদের বলেছিলেন আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডেজ ফোর্স গঠন করে দীর্ঘ নয় মাস যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। আর জিয়াউর রহমানকে বাদ দিয়ে শেখ পরিবার মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে। যে কারণে আওয়ামী লীগকে কেউ এখন আর বিশ্বাস করেন না।

তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে থাকে এমন প্রমান যদি কেউ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।

এসময় তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলম এর জীবদ্দশায় তাঁর বর্ণাঢ্য রাজনীতি জীবন নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

সম্মেলনে উপজেলা বিএনপি আহবায়ক মো. আতিকুল আলম শাওনকে সভাপতি, মো. কাজী আশরাদ কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট চান্দিনা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি’র আহবায়ক এবিএম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্য সচিব সাবেক পৌর মেয়র মো. আলমগীর খাঁনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর ওই কমিটি দায়িত্ব পালন করবেন।

চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রায় ৬ বছর পর চান্দিনা উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় ১০ সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠসহ আশপাশের সড়কগুলো। এর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে অনানুষ্ঠানিক ভাবে গঠিত হয়েছিল চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram