

মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক যুবকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রেহেনা আকতার তানিয়া (২৪) ও মো. পারভেজ (১৯)। এ ঘটনায় কাজলী দাশ (৫০) নামের আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নাজিরহাট পৌর এলাকার আজম রোডের মাথায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা আক্তার তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে ও নিহত পারভেজ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের কুলালপাড়ার মো: ইউসূফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আজম রোডের মাথায় সিএনজি (অটোরিকশা) ও টেম্পো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে নিকটতম ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত তানিয়াকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত পারভেজ ও কাজলী দাশকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত পারভেজ মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত নারী-পুরুষসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। সেখানে একজন নারী মৃত ছিল। আহত হাত বিচ্ছিন্ন হওয়া যুবক ও অপর আহত নারীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
