

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ব্রিকফিল্ডে কাঠ পুড়িয়ে পরিবেশ দুষণ ও নিয়ম অমান্য করার দায়ে ৩টি ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্রিকফিল্ড তিনটির চিমনিগুলোও ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ জরিমানা করেন।
এসময় মেসার্স এসআরপি ব্রিকসের মালিক তানবী'কে ৫০ হাজার টাকা, আরএনবি ব্রিকসের মালিক বাবু মিয়াকে ৫০ হাজার টাকা এবং এডিএল ব্রিকসের মালিক দুলাল মাস্টার'কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে ব্রিকফিল্ড তিনটি বৈধ কাগজপত্র ছাড়া এবং নিয়ম অমান্য করে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া কাঠ পুড়িয়ে লাগাতার পরিবেশ দুষণ করে আসছে। এমন তথ্য নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটা তিনটির চিমনিসমূহও ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, সরকারি নিয়ম অমান্য করা এবং কাঠ পুড়ে পরিবেশ দূষণের দায়ে ব্রিকফিল্ডসমূহের মালিকদের এ জরিমানা করা হয়। যথারীতি এ অভিযান চলমান প্রক্রিয়ায় থাকবে বলেও জানান তিনি।

