

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুই বারের কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। আটক হওয়া কাউন্সিলরের নাম আবদুল খালেক। তিনি বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুই বারের কাউন্সিলর এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। আবদুল খালেক বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের সারেং বাড়ির মৃত হাফিজুর রহমানের পুত্র।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, রবিবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান চালিয়ে আবদুল খালেক নামে একজনকে আটক করা হয়েছে। তিনি বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুই বারের কাউন্সিলর। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
