

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে আবু নাছির হত্যা মামলার বাদী নিজাম উদ্দিন (৪৫) কে বেধড়ক পিটিয়ে আহত করেছেন উপজেলা যুবলীগ নেতা, হত্যা মামলার আসামি ও মাদক সম্রাট কাউছার ভূঞার লোকজন। বর্তমানে নিজাম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকার বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নজরপুর মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার আউলিয়া বাজার থেকে ব্যবসার কাজ গুছিয়ে সেজামুড়া গ্রামে বাড়ি উদ্দেশ্য যাওয়ার পথে পূর্বে ওৎ পেতে থাকা কাউছার বাহিনীর লোকজন নিজাম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় একটি অটোরিক্সা ভাংচুর করে নিজাম উদ্দিনকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা নিজাম উদ্দিনকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
হত্যা মামলার আসামি যুবলীগ নেতা কাউছার ভূঞা ও তার সহযোগী রিপন মিয়ার পরামর্শ রাতের অন্ধকারে নিজাম উদ্দিনকে দেশীয় অস্ত্র ও কাঠের রোল, লাঠি, রড দিয়ে বেধড়ক পিটিয়েছে উপজেলার সেজামুড়া এলাকার মৃত করম আলীর ছেলে আমির হোসেন (৪০), সভা চান মিয়ার ছেলে নাছির মিয়া (৪৫), কামালমুড়া এলাকার এলু মিয়ার ছেলে শাহ আলম (৫৩)।
আহত নিজাম উদ্দিন জানান, ২০২০ সালে মাদক ব্যবসায়ী কাউছার ভূঞা ও তার সহযোগীরা মারপিট করে গুরুতর আহত করেন তার ছোট ভাই আবু নাছিরকে। যে স্থানে আবু নাছিরকে পিটিয়ে মেরেছিল একই স্থানে একই কায়দায় গতরাতে কাউছারের লোকজন আমাকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করেছে।
নিজাম উদ্দিন আরো বলেন, ২০২০ সালে আমার ছোট ভাই আবু নাছিরকে কাউছারের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর আবু নাছির মৃত্যুবরণ করেন। নাছির হত্যার পর তার বাবা আবু শ্যামা বাদী হয়ে কাউছার ভূঞাকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। গত দুই বছর পূর্বে মামলা বাদী আবু নাছিরের বাবা আবু শ্যামা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুের পর মামলার বাদী নিযুক্ত হয়ে আবু নাছির হত্যা মামলা পরিচালনা করেন তার বড় ভাই নিজাম উদ্দিন। এদিকে হত্যা মামলা তুলে নিতে কাউছার ভূঞা পক্ষ থেকে নাছিরের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার পরিবারের পক্ষ থেকে অস্বীকৃতি জানালে এতে ক্ষিপ্ত হয় কাউছার ভূঞার লোকজন। এতে কেন্দ্র করে গত রাতে নিজাম উদ্দিনের উপর অতর্কিত হামলা করে তাকে বেধড়ক মারধর করা হয়।
এদিকে আ.লীগ সরকার পতনের পর প্রভাবশালী যুবলীগের নেতা কাউছার ভূঞা এলাকা গা ডাকা দিয়েছে। তবে তার বাহিনীর লোকজন এখনো মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে বেড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী বলেন, এ বিষয়টি শুনেছি, একজন মারধরের শিকার হয়ে হাসপাতালে আছেন। তবে এখনও পযর্ন্ত লিখিত কোন অভিযোগ আসেনি।
