

বাগেরহাট প্রতিনিধি: সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন বলেছেন, সমাজ সেবা মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। সেই সাথে দেশের মানুষের উন্নয়নে কাজ করে এই মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলানায়তনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাগেরহাটে থাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তিনি আরো বলেন, বাগেরহাটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমাদের নানা পরিকল্পনা রয়েছে। এছাড়া বাগেরহাট সরকারি শিশু পরিবার, সরকারি শিশু সদনসহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জনবল সংকট পূরণের আশ্বাস দেন এই কর্মকর্তা। এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাংবাদিক ইয়ামিন আলী প্রমুখ।

