

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পাহাড় কেটে নতুন গড়ে ওঠা রোহিঙ্গাদের বসতি সরিয়ে নেওয়া হচ্ছে। গেল বুধবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।
অভিযানে নেতৃত্বে দেন টেকনাফের ২৫ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
তিনি বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে আসা কিছু রোহিঙ্গা ঘর তৈরি করে বসবাস করছে। বৃষ্টি হলে সেখানে পাহাড় ধসের শঙ্কা আছে। তাই ঝুঁকি বিবেচনা করে আমরা উচ্ছেদ অভিযান করছি। স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় রোহিঙ্গাদের এখান থেকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে। খুব তাড়াতাড়ি তাদের দেয়া হবে বসবাসের উপযোগী জায়গা।
হ্নীলার ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, এখানে বিশাল পাহাড়ি অঞ্চলে বেশির ভাগ জায়গায় রোহিঙ্গারা বসবাস করে। যৌথ অভিযানে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে। যেহেতু আশ্রয়হীন মানুষ; তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে সেখানে স্থানান্তর করা হবে।
