

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: জনদুর্ভোগ লাঘবে কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাশে ১৬৫ ফুট দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন ভাসমান সেতু বানিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় লোকজন।
সেতুটি তৈরির মাধ্যমে নদীর দুই পারের ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষের যোগাযোগে এক নতুন দিগন্ত উম্মোচিত হয়েছে। ৭ ফুট চওড়া ও ১৬৫ ফুট দৈর্ঘ্যের ভাসমান সেতুটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে ১৩৫টি প্লাস্টিকের ড্রাম, ৩ হাজার ১৫০ কেজি লোহার পাত ও শিট। খরচ হয়েছে প্রায় সাড়ে ৯ লাখ টাকা। সময় লেগেছে দেড় মাস। সেতুটি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।
সেতুটি প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৌকা চলাচলের সুবিধার্থে মাঝখানের স্প্যানটি খুলে দেওয়া হবে। জরুরি প্রয়োজনে যে কোনো সময় স্প্যানটি খুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সেতু দিয়ে যাতায়াত সম্পূর্ণ ফ্রি।
বুধবার সেতুটি তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বলেন, “এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এটি স্থানীয়দের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রশাসন থেকে এ ধরনের উদ্যোগে সহায়তা করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন, লোকাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এল.ডি.পি) এর পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি আক্তারুজ্জামান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক আরিফুল ইসলাম হানিফ, বাতেন সরকার, মফিজ মেম্বার, জাহাঙ্গীর সরকার, ছবির আহাম্মেদ মেম্বার, নজরুল ইসলাম, জসিম প্রধান, মো. রাসেল ও তৌসিফ তুষারসহ আসমানিয়া বাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বাজারের ব্যবসায়ীরা।
জানা যায়, এই গোমতী নদীর ওপর ১০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৬৯৯ টাকা ব্যয়ে ৭৫ মিটার একটি সেতুর নির্মাণকাজ চলছে। দুই পারের মানুষের চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর দক্ষিণ পাশে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়। সেটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ভেঙে যায়। দ্বিতীয়বার পুনরায় অস্থায়ী সেতুটি নির্মাণ করা হলে মুষলধারে বৃষ্টি ও গোমতী নদীর পানির প্রবল স্রোতে ওই কাঠের সেতুটি ভেঙে যায়। এতে নদীর দুই পারের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ে। পরে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে মানুষ পারাপার হয়। কিন্তু মানুষ পারাপার হলেও ভারি জিনিসপত্র এক পার থেকে অন্য পারে আনতে হলে কয়েক কিলোমিটার ঘুরে আনতে হয়। এতে সময় ও খরচ বেশি লাগে। এসব চিন্তা থেকেই আসমানিয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় কিছু লোকজন উদ্যোগ নেয় ভাসমান সেতু তৈরির। যা দিয়ে অটোরিকশাসহ ভারি জিনিসপত্র আনা নেওয়া যাবে।
