

দিদারুল আলম, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গুইমারা রিজিয়নের আওতাধীন ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায়, হত-দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা।
মানবিক সহায়তার মধ্যে রয়েছে, টিন, কৃষিপন্য, শীতবস্ত্র কম্বল, সোলার সিষ্টেম ও সেলাই মেশিন। এছাড়াও ৩শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী, বই সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানের রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

