

আরাফাত আল-আমিন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাই সহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে তাকে গ্রেপ্তার করেন। রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর নেতৃত্বে পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল ৫ বছরের সাজা পরোয়ানামূলে এবং অন্য আসামি শামসুন্নাহারকে ২ বছর সাজাপ্রাপ্ত পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
