ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

কক্সবাজারে কয়েক হাজার জলবায়ু উদ্বাস্তু নারী-পুরুষের সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি: উচ্ছেদ বন্ধ করা ও খাসজমিতে বন্দোবস্ত দেওয়ার দাবিতে কক্সবাজার শহরের প্রধান সড়কে প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বসবাসকারী কয়েক হাজার জলবায়ু উদ্বাস্তু নারী-পুরুষ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরে যাতায়াতের সড়কটি বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন মানুষ।

উচ্ছেদ আমরা মানি না বাপের ভিটা ছাড়ব না’, ‘আর নয় উচ্ছেদ দীর্ঘমেয়াদি বন্দোবস্তি চাই’, ‘উচ্ছেদের ভয় নয় বাঁচার অধিকার চাই’—এ ধরনের লেখা–সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন অবরোধকারীরা। অবরোধের এক পর্যায়ে তাঁরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠানোর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, তাঁরা প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-জলোচ্ছ্বাসে বসতভিটা হারিয়ে জেলার কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসে কক্সবাজার শহরে বসবাস করছেন। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাসজমিতে বসতভিটা হারানো প্রায় ৭০ হাজার জলবায়ু উদ্বাস্তুর বসবাস। ছয় হাজার একর জমিতে ১০ হাজারের বেশি পাকা ও আধা পাকা ঘর করে তাঁরা রয়েছেন। ২০ থেকে ৩০ বছর ধরে গড়ে ওঠা এসব বসতিকে ঘিরে মসজিদ-মাদ্রাসা যেমন হয়েছে, তেমনি গড়ে উঠেছে প্রায় ৮০০টির মতো শুঁটকি মহাল। অথচ এখন জলবায়ু উদ্বাস্তুদের স্থায়ী পুনর্বাসন না করে সরকারি এই খাসজমি থেকে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকতার কামাল, পূর্ব কুতুবদিয়াপাড়া সমাজ কমিটির সভাপতি নুরুদ্দিন খান, মধ্যম কুতুবদিয়াপাড়া সমাজ কমিটির সভাপতি আবুল বশর, ফদনার ডেইল জামে মসজিদের খতিব মাওলানা জাহেদুর রহমান, ব্যবসায়ী ছাবের আহমদ, আইনজীবী জাহেদুল ইসলাম, শিক্ষক এজাবত উল্লাহ প্রমুখ। এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী ও জিসান উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান। জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো স্মারকলিপিতে ৬৮২ একর জায়গা ১ নম্বর ওয়ার্ডে বসবাসকারী জলবায়ু উদ্বাস্তু পরিবারের অনুকূলে বরাদ্দ দেওয়ার আহ্বান জানানো হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন বলেন, ১ নম্বর ওয়ার্ডের পুরো জায়গাটি সরকারি খাসজমি। এলাকাটিতে বিপুলসংখ্যক জলবায়ু উদ্বাস্তুর বসবাস। তাঁদের জন্য খুরুশকুলের ১৩৭টি পাঁচতলা ফ্ল্যাটবাড়ির বিশেষ আশ্রয়ণ প্রকল্প তৈরি হচ্ছে। আড়াই বছর আগে ২০টি ভবনে ৬০০ পরিবারের ঠাঁই হয়েছে। আরও ৮৫টি ভবন তৈরি হয়েছে, সেখানে আরও ২ হাজার ৭২০ পরিবার থাকতে পারবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram