

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও মারপিটপূর্বক নাশকতা সৃষ্টির মামলায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন গাজী (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আগড়ঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিন বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে আসার খবরে ছাত্রদলের নেতৃত্বে ৮/১০ টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস পৌর সদরের টাউন স্কুলের সামনে পৌছালে আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগষ্ট থানায় মামলা করে। যার নং ১৪। ওই মামলায় মোঃ আলাউদিন গাজী এজহার নামীয় আসামি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দিনই জেল হাজতে পাঠানো হয়েছে।
