ঢাকা
logo
প্রকাশিত : December 31, 2024

বংশপরম্পরায় পান চাষে ভাগ্য বদল প্রিয় লালের

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: চারপাশ বাঁশের কঞ্চি দিয়ে ঘেরা, উপরে দুর্লভ ছনের ছাউনি দিয়ে আধো আলো আধো ছায়ায় নির্মিত একটি দৃষ্টিনন্দন ঘর। যে স্থানে পরম যত্নে হয় পান চাষ। বলছিলাম খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের পান চাষের কথা।

অতিথিকে পান দিয়ে আপ্যায়ন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সৌহার্দ্যপূর্ণ রীতি। প্রাচীনকাল থেকেই পান খাওয়ার অভ্যাস বাংলার সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। পান সাধারণত চুন, সুপারি, কখনো কখনো মশলা বা মিষ্টি উপকরণের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। অনুষ্ঠান কিংবা কোনো উৎসবে পান-সুপারি পরিবেশনা একটি প্রচলিত ঐতিহ্য।

"পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইলোনা" পান নিয়ে গানটি গ্রাম বাংলার সংস্কৃতির গভীরতাকে আরো ফুটিয়ে তোলে। বর্তমান যুগে যদিও এর ব্যবহার কমে আসছে, তবে এটি এখনও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, পান চাষের জন্য বন্যামুক্ত, বেলে দো-আঁশ মাটি, আধো আলো আধো ছায়া এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া উপযুক্ত। পানের উৎপাদন খরচ কম ও বহুবর্ষজীবী হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। মাটিরাঙ্গার তবলছড়ি, গোমতী, ও তাইন্দং এলাকায় পান চাষ হয়।

সরেজমিন তাইন্দং ইউনিয়নে একটি পানের বরজে গিয়ে দেখা যায়, প্রিয় লাল চাকমা নামে এক ব্যক্তি রাজশাহী জাতের পান চাষ করছেন। তিনি পুরো পরিবার নিয়ে এখানে কাজ করেন। প্রতিটা থোকায় থোকায় পান ধরে আছে। তিনি ৮০ শতক জমিতে দুটি পানের বরজ করেন। প্রিয় লাল চাকমার পূর্ব পুরুষরাও পান চাষ করেছিলেন, সে সুবাদে বংশপরম্পরায় তিনিও এর ঐতিহ্য ধরে রেখেছেন। দুটি পানের বরজে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে, পান পাতার অবস্থা ভাল বিধায় ফলন ভাল হবে আশা করা হচ্ছে।

তবে, পানের বরজে প্রবেশের সময় "গিলা" পানির ছিটা নিতে হবে সবাইকে। তাদের ধর্মীয় বিশ্বাস এই পানি পবিত্রতার প্রতিক হিসিবে কাজ করে। অপবিত্র অবস্থায় পান বরজে প্রবেশ করা উচিত নয়।

প্রিয় লাল চাকমা বলেন, পান চাষে তিনি লাভের হিসেব করেন না। বংশীয় ঐতিহ্য ধরে রাখতে পান চাষ করেন তিনি, এতেই দুই ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে সংসার। মেয়ে বিয়ে দিছি, ছেলে লেখাপড়া করছে। পান চাষের পাশাপাশি আলু, টমেটো, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপি এসব চাষাবাদ করেন। এসব নিয়েই বেশ ভালভাবে দিন কেটে যাচ্ছে।

পান বেপারি আলী হোসেন বলেন, সমতলের তুলনায় পাহাড়ের ঢালু অংশে পান চাষ হওয়ায় পানের উৎপাদন বেড়েছে মানও ভালো। পানের বরজ থেকে আমরা পান ক্রয় করে মাটিরাঙ্গা এনে বিক্রি করি।

নারী শ্রমিক শিল্পী রানী বলেন, আমি পাশের এলাকায় থাকি. এই পানের বরজে কাজ করি।পানের বরজে কাজ করে আনন্দ পাই। দিন ৪-৫শত টাকা মজুরি পাই তা দিয়েই চলে যায় সংসার। আমি নিজেও পান খাই, পানের বরজে কাজ করলে পান কিনে খাইতে হয় না। নষ্ট ও ছেঁড়া পান নিয়ে যাই। সেগুলো বাছাই করে খাওয়া যায়।

মাটিরাঙ্গায় ৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, কৃষক উদ্বুদ্ধ হলে পান চাষ আরো বৃদ্ধি পাবে। পাহাড়ের মাটি ও আবহাওয়া পান চাষের উপযোগী। পানের পাতায় পাতায় দাম। সঠিক পরিচর্যা করলে কৃষক বেশি লাভবান হবে।

পান চাষের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কোন বীজ বা প্রণোদনা দেয়া হয় না, শুধু পরামর্শ সেবা দেয়া হয়। পান চাষ বাড়লে নিজেদের পান দিয়েই অত্র উপজেলার পানের চাহিদা মেটানো সম্ভব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram