ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

ছুটির দিনে ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

ছুটির দিনে দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর থেকে বিকেলে পর্যন্ত বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সবেচেয়ে বেশি প্রাণ গেছে সিলেটের দুর্ঘটনায়। জেলার জৈন্তাপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুর, ঢাকার ধামরাই ও ঝিনাইদহে দুইজন করে এবং নেত্রকোনা ও নাটোরে একজন করে মারা গেছেন। প্রতিনিধি ও সংবাদদাতের পাঠানো তথ্য নিয়ে প্রতিবেদন।

সিলেট: জেলার জৈন্তাপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেটের দিকে প্রাইভেটকারটি যাচ্ছিল। পথে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের বাঘেরসড়ক এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ২ জন মারা যান। প্রাইভেটকার থেকে আরও তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান।

দিনাজপুর: জেলার বীরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকা‌ল সাড়ে ৮টার দিকে দশমাইল ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজ হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঠাকুরগাঁও জেলার নারগুনে খেজুরের রস খেয়ে আসার পথে বীরগঞ্জ কবিরাজ হাট এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ জন মারা গেছেন। তাদের বাড়ি দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বলে জানা গেছে।

দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ধামরাই: ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন এবং তার স্ত্রী রুবিনা আক্তার।

নেত্রকোনা: জেলার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। তার নাম নিলয় দাস। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রাক্টরের ধাক্কায় মৌসুমি আক্তার ও ফিরোজ হোসেন নামে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, আমাদের এখানে আনার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

নাটোর: লালপুরে ট্রাকের ধাক্কায় মো. ইসলাম নামে এক অটোভ্যানের যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর। শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসলাম উপজেলার লক্ষণবাড়িয়া এলাকার এমাজউদ্দিনের ছেলে এবং আহত মো. আরিফ উপজেলার ধরবিলা এলাকার আব্দুর রহমানের ছেলে।

লালপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram