ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৩, ২০২৪

টাঙ্গাইলে নিজ শিশু সন্তান হত্যায় মায়ের স্বীকারোক্তি

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহ এবং স্বামীর প্রতি ক্ষোভ থেকেই নিজের সন্তান হত্যা করেছে বলে স্বামীর পরিবার এবং স্থানীয়দের কাছে স্বীকার করেছে শিশুর মা হিরা আক্তার। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত হিরা আক্তার (৩০)পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দশ বছর আগে অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার সাথে এইচএসসি পাশ হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জের ধরে হিরা আক্তার প্রায়ই তার বাবার বাড়িতে চলে যেত। এরমধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়।

শুক্রবার ভোরের দিকে প্রকৃতির ডাকের কথা বলে হিরা আক্তার শিশু মোহাম্মদকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়। বেশ কিছুক্ষণ পর হিরা আক্তার সন্তানকে ছাড়াই ঘরে ফেরত আসে। স্বামী ইব্র্রাহিম সন্তানকে দেখতে না পেয়ে তাকে জিজ্ঞাসা করলে হিরা আক্তার স্বামীকে পুকুর পাড়ে নিয়ে যায়। শিশু মোহাম্মদকে আহত অবস্থায় দেখতে পেয়ে বাবা ইব্রাহিম চিৎকার করে এবং শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।

এদিকে পরিবার ও স্থানীয়দের কাছে হিরা আক্তার তার শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তার জানায়, আমার কোন হিতাহিত জ্ঞান ছিলো না, কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি।

শিশু মোহাম্মদের বাবা ইব্রাহিম মিয়া বলেন, আমি অশিক্ষিত আর আমার স্ত্রী এইচএসসি পাশ। হিরার এরআগেও দুইটি বিয়ে হয়েছিল। ঘটনার রাত সোয়া ৩টার দিকে মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায় এবং বেশ কিছুক্ষণ পর একাই ঘরে ফিরে আসে। আমি সন্তানের কথা জিজ্ঞাসা করে রাগারাগী করার একপর্যায়ে সে আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে। আমার সন্তান মোহাম্মদকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানায়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram