ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৪

শীতের প্রকোপ বৃদ্ধিতে গৌরীপুরে পুরোনো গরম কাপড় কেনার ধুম পড়েছে

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: হঠাৎ করে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে পুরোনো গরম কাপড় কেনার ধুম পড়েছে। ঠান্ডা থেকে রেহাই পেতে পুরোনো কাপড় কিনছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গৌরীপুর শহরের উত্তর বাজার সোনালী ব্যাংকের বিপরীতে ও মধ্যবাজার হারুন পার্ক সংলগ্ন ফুটপাতে জমে উঠেছে পুরোনো কাপড়ের বাজার। বিক্রেতারা কাপড় বিক্রির জন্য হাঁক-ডাক ছাড়ছেন। বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি ও হুডিসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে এইসব ভ্রাম্যমাণ দোকানে। সাইজ অনুযায়ী দামও কম-বেশি। এক-দেড়শ টাকা থেকে শুরু করে আটশ’-নয়শ’ টাকা দামের শীতের পোশাক মিলছে এসব দোকানে। এছাড়া হাত মোজা, বাচ্চাদের ছোটখাট শীতের পোশাক মিলছে এক থেকে তিনশ টাকার ভেতরেই।

প্রায় সপ্তাহ ধরে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। ফলে বেড়েছে পুরাতন গরম কাপড়েরও কদর। শীত থেকে রক্ষা পেতে নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য কাপড় কিনতে ভিড় করছেন অনেকে। তবে এবার গরম কাপড়ের দাম বেশি হওয়ায় অনেকে পড়েছেন বেকায়দায়। সাধ আর সাধ্যের সমন্বয় করতে বেশিরভাগ ক্রেতাই পুরাতন কাপড়ের দোকানেই বেশি ঝুঁকছেন। কিনছেন পছন্দের শীতবস্ত্র। বিক্রি বেশি হওয়ায় দোকানিরাও খুশি।

গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারের এসব ভ্রাম্যমাণ দোকান থেকে শুরু করে বড় বড় দোকান ও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিক্রিও হচ্ছে হরদম। তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে হঠাৎ বেশি শীত পড়া ও গরম কাপড়ের চাহিদা থাকায় বিক্রেতারা একটু বেশী দাম হাঁকছে।

শনিবার হাটবার বিকেলে গিয়ে দেখা যায়, অনেকেই নিজেদের কাজ-কর্ম সেরে বিকেলে পৌর শহরের উত্তর বাজার পুরোনো কাপড়ের দোকানগুলোতে শীতের পোশাক কিনতে আসেন। শুধু স্বল্প আয়ের মানুষরাই নয়, কেনাকাটা করছেন নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও স্বচ্ছল পরিবারসহ অনেকেই।

ক্রেতা ইউনুস মিয়া (৬৫) বলেন, ঠান্ডা বেশি পড়ায় পুরোনো কাপড়ের দোকানে আসছি শীতের একটা কাপড় কিনতে। পছন্দ হলে ও দামে মিললে একটা জ্যাকেট বা স্যুয়েটার কিনবো।

ক্রেতা ফাতেমা খাতুন (৪০) বলেন, 'বাচ্চাদের জন্য কাপড় কিনতে আসছি। দেখি যদি ভালো পাওয়া যায় তাহলে কিনবো। তবে দাম একটু বেশি।

বাসুদেব সরকার বলেন, ‘ভাই আসছি, যদি ভালো কিছু মিলে। এবার শপিংমলগুলোতে যাওয়াই মুশকিল। আমাদের হিসেবের টাকা। তাই এখানেই আসছি, শরীরে লাগলে ও দামে মিললে কিনে নিয়ে যাবো।'

পুরাতন কাপড় বিক্রিতা মোঃ হানিফ মিয়া জানান, শীত বাড়াতেই ক্রেতাদের এতো ভিড়। আমাদের দোকানগুলোতে কাপড় অনুযায়ী ১’শ টাকা থেকে ৮-৯’শ টাকায় বিক্রি হচ্ছে। আজ হাটবার বলেই বেশ ভালো বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী আকতার হোসেন জানান, এবারের কাপড়ের মান বিগত বছরগুলোর চেয়ে অনেক ভালো। আমাদের বেশি দামে পুরাতন কাপড়ের গাঁইট কিনে আনতে হয়েছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। শীতের তীব্রতা এমন থাকলে বিক্রিও আরো ভালো হবে বলে তিনি জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram