ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2026

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চুয়েট শিক্ষার্থীরা। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। একই দিন দুপুর ২টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা নতুন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি।

এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‘বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।’

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হলো।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram