ঢাকা
logo
প্রকাশিত : November 24, 2026

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর ফিরছেন বাগেরহাটের বাড়িতে

বাগেরহাট প্রতিনিধি: প্রায় ১৮ বছর কারাবন্দি থাকার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজি। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। দীর্ঘ ১৮ বছর পর নিজ বাড়ি বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকায় ফিরছেন তিনি।

বাদল ফরাজিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়ার পর পুলিশ পাহারায় বাগেরহাটে আনা হয়। বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোঃ মোস্তফা কামাল বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদল ফরাজিকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আজ নাকি আগামীকাল তাকে গ্রামের বাড়ি মোংলায় পৌঁছে দেওয়া সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েন বাদল ফরাজি। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে বন্দি থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারে সাজা ভোগ করছিলেন তিনি।

ভারতের আদালতে দণ্ডিত হওয়ার পর বন্দী স্থানান্তর চুক্তির আওতায় বাংলাদেশে সাজা ভোগ করছিলেন বাদল। তাঁর প্যারোলে মুক্তির বিষয়ে ভারতের আদালতের অনুমতি নিতে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদনের প্রার্থনা মঞ্জুর করেন। তবে প্যারোল বা ফার্লোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণের নির্দেশনা দেন আদালত।

দিল্লি হাইকোর্টের আদেশের পর গত ১ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক পাঠায়। পরে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি স্মারক জারি করে। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন। এরপর এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পান বাদল ফরাজি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram