ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2026

হাতের রহস্যময় মালা নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

ভারতীয় দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। অনেক বছর ধরেই তার হাতে থাকা একটি মালা দেখে আসছেন ভক্ত-অনুরাগীরা। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা যেকোনো জমকালো অনুষ্ঠানে এটি তার হাতে দেখা যায়। এমনকি, অনেক সিনেমায়ও তার হাতে এটি দেখা গেছে। এ নিয়ে নানা সময়ে চর্চা হলেও মুখে কুলুপ এঁটে ছিলেন। নীরবতা ভেঙে হাতের রহস্যময় মালা নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘রামায়ণ’ তারকা।

কয়েক দিন আগে সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘বিহাইন্ডউডস’-কে সাক্ষাৎকার দেন সাই পল্লবী। তিনি জানান, তার হাতে থাকা মালাটি রুদ্রাক্ষের। তিরুচিপল্লীর শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দির থেকে মালাটি এনে দেন তার এক কাজিন। তবে সরাসরি তার হাতে মালাটি আসেনি। বরং প্রথমে তার দাদা ওই আত্মীয়র কাছ থেকে আনেন, তারপর মালাটি তুলে দেন সাই পল্লবীর হাতে।

মালাটির সঙ্গে সাই পল্লবীর সম্পর্ক গভীর হওয়ার পেছনেও গল্প রয়েছে। অভিনেত্রী হলেও সাই পল্লবী একজন চিকিৎসক। জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন। ভারতে ফিরে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পাস করেন সাই পল্লবী। এ অভিনেত্রী জানান, পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে প্রার্থনা শুরু করেন তিনি।

রুদ্রাক্ষের মালার কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন বলে বিশ্বাস সাই পল্লবীর। হাসতে হাসতে এই অভিনেত্রী বলেন, “পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের এই মালা হাতে নিয়ে প্রার্থনা করতাম। আমার মনে হয়, এর ফলে পরীক্ষায় আমি ভালো ফলও করেছিলাম।”

পরীক্ষার আগে শুরু হওয়া সেই অভ্যাস ধীরে ধীরে সাই পল্লবীর জীবনের অংশ হয়ে ওঠে। অভিনেত্রীর ভাষায়—“এরপর এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। এমনকি, শুটিংয়ে যাওয়ার সময়ও মালাটি পরে থাকি।”

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পল্লবী। তার পরের গল্প সবারই জানা।

সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ও. এম.’ সিনেমা। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াসামি। এ সিনেমায় সাই পল্লবীর সহশিল্পী হিসেবে রয়েছেন একঝাঁক তারকা। তারা হলেন—ধানুশ, মাম্মতি, শ্রীলীলা, নাসিরুদ্দিন শাহ প্রমুখ। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃতে মুক্তি পেয়েছে ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram