

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স প্রায় পাঁচ মাস পর খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।
এ সময় জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে একত্র করার কাজ চলছে। সব টাকা এক জায়গায় নেওয়ার পর শুরু হবে গণনা।
দান গণনা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সাধারণত তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রীও জমা পড়েছিল।
পাগলা মসজিদ শুধু মুসলমানদের কাছেই নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও পরিচিত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। মানুষের বিশ্বাস, আন্তরিকতা নিয়ে এখানে দান করলে মনোবাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মানত করেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও নানা ধরনের সামগ্রীও দান করেন ভক্তরা।
জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের স্থানে অবস্থান নেন। তাকে ঘিরে ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে।
প্রায় ২৫০ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে মসজিদটি ওয়াক্ফ এস্টেটের অধীনে পরিচালিত হচ্ছে।
