

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আগাম জাতের হাইব্রিড ফ্রান্স-৪৫ ফুলকপির চাষে আশাব্যঞ্জক ফলন ও লাভের সম্ভাবনা দেখা দিয়েছে। স্বল্প সময়ে অধিক ফলন, আকর্ষণীয় রং ও বাজারজাতকরণের সুবিধা থাকায় জাতটি স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। এ উপলক্ষে ফ্রান্স-৪৫ ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের বাইপাস এলাকায় হর্টিকালচার সেন্টারসংলগ্ন বেতলা মাঠে ইউনাইটেড সীড কোম্পানির উদ্যোগে এ প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্স-৪৫ জাতের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি ও উৎপাদন সম্ভাবনা তুলে ধরে ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল মজিদ বলেন, ফ্রান্স-৪৫ একটি আগাম জাতের হাইব্রিড ফুলকপি। বীজতলা থেকে উৎপাদিত চারা মূল জমিতে রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মধ্যেই ক্ষেত থেকে ফুলকপি সংগ্রহ করা যায়। জাতটি বৃষ্টি ও খরা সহনশীল। প্রতিটি ফুলকপির ওজন ৯০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর ফুল ধবধবে সাদা ও বেশ আঁটসাঁট হওয়ায় বাজারে আকর্ষণীয় দেখায়। আগাম বাজারে বিক্রির পাশাপাশি দূরবর্তী স্থানে পরিবহনের জন্যও জাতটি উপযোগী।
এ সময় ফ্রান্স-৪৫ জাতের ফুলকপি চাষে সফল কৃষক মো. আব্দুর রহমান, মো. আব্দুল আলিম, মো. কামরুজ্জামান, তরিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জানান, ভালো ফলন ও অধিক লাভের আশায় সুলতানপুর বড়বাজারের মুসলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আকতার আলীর কাছ থেকে ইউনাইটেড সীড কোম্পানির ফ্রান্স-৪৫ জাতের বীজ সংগ্রহ করে চাষাবাদ করেন। এতে তাঁরা আশানুরূপ ফলন পেয়েছেন এবং আর্থিকভাবেও লাভবান হয়েছেন। তাঁদের সফলতা দেখে এলাকার অনেক কৃষক আগামী মৌসুমে এ জাতের ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ইউনাইটেড সীড কোম্পানির পক্ষ থেকে সফল ফুলকপি চাষি মো. আব্দুর রহমানকে উৎসাহমূলক উপহার হিসেবে একটি কীটনাশক স্প্রে মেশিন প্রদান করা হয়।
