

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় দফায় দফায় মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পাটগাতী স্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
একই দিন দুপুরে পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়।
এ ছাড়া বিএনপি নেতা রাকিবের গোডাউন ও কাঠের বিতানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শপথ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সড়কে খন্ড খন্ড মিছিল করতে দেখা যায়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা না আসা পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না, তাকে দেশে প্রত্যাবর্তন করেই আমরা তখন ঘরে ফিরবো।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন বলেন, যখন ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দেয়া হয়েছিল, প্রতিটা ইট নিয়ে কি উল্লাস করেছিল তারা। এগুলো আমরা ভুলি নাই। এদেশের জামাত শিবির রাজাকারদের কোন ঠাঁই নাই।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজারে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আয়ুব আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি।
