

ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন।
বুধবার (২১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা বন্ধ না করা পর্যন্ত ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তবে পাকিস্তান ও কাতারের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। এ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় দুই দেশের শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
