ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি ভ্যান্সের

ইসরায়েলের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেই নজর দিতে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।

সোমবার (১৯ অক্টোবর) এক সাক্ষাৎকারে ভ্যান্স এই কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সরাসরি সমর্থন দেওয়ার ঠিক একদিন পর জেডি ভ্যান্সের এই মন্তব্য এলো। ভ্যান্স জানান, তিনি নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন না এবং ইসরায়েলি নির্বাচনে অংশ না নিয়ে কেবল আমেরিকান প্রার্থীদের সমর্থনেই নজর রাখছেন। এর আগে গত এপ্রিলে তিনি হাঙ্গেরির সাবেক ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে সমর্থন করেছিলেন, যিনি পিটার ম্যাগিয়ারের কাছে নির্বাচনে পরাজিত হন।

আগামী ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম শক্ত দাবিদার ভ্যান্স ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থন দেওয়ার বিষয়ে রিপাবলিকান দলের ভেতরের অসন্তোষের প্রতীক হয়ে উঠেছেন। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়ায় এই অসন্তোষ আরও জোরালো হয়েছে। গত জুনে ইসরায়েলের উদ্দেশ্যে ভ্যান্স মন্তব্য করেছিলেন, কেবল হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তার প্রতিটি সমস্যার সমাধান করা যায় না।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত জরিপগুলোতে দেখা যাচ্ছে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াসার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টিকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে। সাবেক সেনাপ্রধান আইজেনকোট ইতোমধ্যেই সরকার গঠনের জন্য একটি বিরোধী জোট তৈরির কথা জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও ট্রাম্পের একক সমর্থনের পরও নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram