ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

হুতিদের হামলার মুখে সৌদির আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন স্থগিত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে বার্ষিক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রাজধানী রিয়াদে সম্মেলনটি আয়োজনের কথা ছিল। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদের বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের প্রাণঘাতী হামলা অব্যাহত থাকায় সম্মেলনটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সম্মেলনের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় আয়োজনটি আগামী বছর অনুষ্ঠিত হবে। নতুন সূচি ‘খুব শিগগিরই’ প্রকাশ করা হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকার থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবারের আয়োজনটি সম্মেলনের দশম আসর। তাই আয়োজনের যথাযথ পরিসর নিশ্চিত করা, মান বজায় রাখা এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা পূরণ করে এটিকে স্মরণীয় করে তোলাই তাদের লক্ষ্য।

আল জাজিরার তথ্যমতে, সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে আয়োজিত এফআইআইকে অনানুষ্ঠানিকভাবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বলা হয়। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সম্মেলনে দেশটির বড় পরিসরের বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে বিপুল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এফআইআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের।

এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে। আনসার আল্লাহ নামেও পরিচিত এই গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। সেখানে হামলায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে রিয়াদের সরকারি সংস্থাগুলো কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। একজন কর্মী ও দুই পরামর্শক বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত রোববার রিয়াদের একটি সরকারি সংস্থার এক কর্মীকে বার্তা পাঠিয়ে জানানো হয়, চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূর থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বার্তায় সবাইকে স্বাভাবিকভাবে নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

অন্যান্য সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কোম্পানিগুলোও কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে।

এ ছাড়া রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।

সূত্র : আল-জাজিরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram