

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করেছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে নাহিদকে উদ্দেশ করে মাদকের ইস্যুতে কথা না বলে তার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়ার সমালোচনা করেন ইশরাক।
ফেসবুক পোস্টে ইশরাক লিখেছেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারি ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি।
দুঃখিত, জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না। নাম বললাম না, তবে আরেকটি ছেলে, যার থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি, কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বলল, ভাই, এরপর গেলে আমাকে নিয়েন। এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।’
এনসিপির ভবিষ্যতের কথা তুলে ধরে আরও লিখেছেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে করে নিয়ে যাওয়ার পর।
নাহিদকে বলব, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!
এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।
পোস্টের শেষে তিনি আরও লিখেছেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর, তেমন মুগুর। শিগগিরই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’
